টাঙ্গাইলে দুর্গাপূজায় পুলিশের মহড়া
- প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে দুর্গাপূজায় পুলিশের মহড়া
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলে পরিদর্শন ও যৌথ মহড়া পরিচালনা করেছে জেলা পুলিশ। এলেঙ্গা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন থানার পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রবিউল ইসলামের উদ্যোগে এ পরিদর্শন ও যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মনজুরুল ইসলাম, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।
পরিদর্শনকালে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকসেদুর রহমান সাগরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ডিবি উত্তর শাখার অফিসার ইনচার্জও (ওসি) উপস্থিত থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন ও মহড়ায় অংশ নেন।
এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন কর্মকর্তারা।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনে পুলিশের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
















