১০ হাজার টাকা ফেরত চাওয়ায় বোনকে মারধরের অভিযোগ, মাথায় গুরুতর আঘাত
- প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
১০ হাজার টাকা ফেরত চাওয়ায় বোনকে মারধরের অভিযোগ, মাথায় গুরুতর আঘাত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া গ্রামে ১০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে নাজমা বেগম নামে এক নারীকে মারধর করে মাথায় গুরুতর আঘাত করার অভিযোগ উঠেছে তার বড় ভাই ফরহাদ আলীর বিরুদ্ধে। আহত নাজমা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে নাজমা বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে প্রবাসে যান তার ভাই ফরহাদ আলী। এরপর বিভিন্ন সময়ে ওই টাকা ফেরত চাইলে ভাই-বোনের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে অভিযোগ করেন নাজমা। স্থানীয়দের দাবি, ফরহাদ আলী ছুটিতে দেশে এলে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে নাজমাকে মারধর করতেন।
এরই ধারাবাহিকতায় সর্বশেষ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ফরহাদ আলী তার বোন নাজমা বেগমকে মারধর করেন এবং মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে নাজমার মাথা ও মুখমণ্ডলে গুরুতর জখম হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত ফরহাদ আলীর বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে ঘরে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।









