টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের ঐতিহ্যবাহী আগচারান গ্রামে প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে
- প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের ঐতিহ্যবাহী আগচারান গ্রামে প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৯টি সোলার লাইট স্থাপন, মসজিদে ৫ লাখ টাকা অনুদান, সাতটি হতদরিদ্র পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ পানির জন্য একটি নলকূপ স্থাপন করেছে আগচারান প্রবাসী কমিউনিটি।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ আছর মোশারফ খান টোটনের দোকানের সামনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাজমুল হাসান খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএডিসির সহকারী প্রকৌশলী আজাহারুল ইসলাম সেলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনতা ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আমিরুল হাসান খান ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা আগচারান প্রবাসী কমিউনিটির এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনটিকে আরও সুসংগঠিত ও গতিশীল করে এলাকার উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
জানা যায়, এর আগে প্রথম ধাপে গ্রামের বিভিন্ন মোড়ে ১৫টি সোলার লাইট ও একটি নলকূপ স্থাপন করে কমিটি। দ্বিতীয় ধাপে নতুন করে ৯টি সোলার লাইট, সাতটি হতদরিদ্র পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী এবং টোটনের দোকানের পাশে একটি বিশুদ্ধ পানির নলকূপ স্থাপন করা হয়। এছাড়া স্থানীয় মসজিদে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন প্রবাসীরা।
অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে ভবিষ্যৎ জনকল্যাণমূলক পরিকল্পনা তুলে ধরেন শাওক খান। তিনি বিনা সুদে ঋণ প্রদান, আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন মানবিক উদ্যোগের কথা উল্লেখ করেন। এ সময় প্রবাসে অবস্থানরত কমিটির সদস্যরাও সরাসরি অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
এদিকে সম্প্রতি ছুটিতে দেশে আসা আগচারান গ্রামের ১৩ জন প্রবাসীকে ফুল দিয়ে বরণ করে নেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় উপস্থিত সবার মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদশা, রায়হান খান রুনু, শাহিদুল ইসলাম খান কাজল, হাসান মিয়া (বিডিআর), মোত্তালেব খান, খুশি মোহন, মোহাম্মদ আকবর আলী খান, নাজমুল হাসান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে প্রবাসীদের সুস্থতা, নিরাপত্তা ও তাদের পরিবারের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।
এলাকার উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে প্রবাসীদের এমন সম্মিলিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।



















