রায়পুরার তুলাতুলিতে ‘ফেয়ার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন ঢাকা-নরসিংদী-ভৈরবের ভোগান্তি কমাতে এবার রায়পুরাতেই আধুনিক রোগ নির্ণয় সেবা
- প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
রায়পুরার তুলাতুলিতে ‘ফেয়ার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন ঢাকা-নরসিংদী-ভৈরবের ভোগান্তি কমাতে এবার রায়পুরাতেই আধুনিক রোগ নির্ণয় সেবা
বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি :
‘আর নয় ঢাকা, নরসিংদী কিংবা ভৈরব—এবার রায়পুরাতেই আধুনিক রোগ নির্ণয় ও মানসম্মত স্বাস্থ্যসেবা’—এমন প্রত্যাশা নিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলিতে যাত্রা শুরু করেছে ‘ফেয়ার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’। আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি, দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ান এবং সাশ্রয়ী মূল্যে নির্ভুল রোগ নির্ণয়ের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি স্থানীয় স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
রায়পুরা হাসপাতাল রোডের তুলাতুলিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সমন্বয়ে ‘ফেয়ার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’ রায়পুরার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। বিশেষ করে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ যেন হাতের নাগালেই সাশ্রয়ী খরচে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে রোগীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দূর-দূরান্তে যাতায়াতের দুর্ভোগও কমবে।
তিনি আরও বলেন, মানসম্মত চিকিৎসাসেবার প্রথম শর্ত হচ্ছে নির্ভুল রোগ নির্ণয়। তাই আধুনিক যন্ত্রপাতির যথাযথ ব্যবহার, দক্ষ জনবল ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। কোনো রোগী যেন পরীক্ষা-নিরীক্ষা কিংবা সেবা নিতে এসে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। সেবার মান ও স্বচ্ছতা বজায় রেখে প্রতিষ্ঠানটিকে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, রায়পুরার সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবাসংক্রান্ত ভোগান্তি লাঘব এবং স্থানীয় পর্যায়ে আধুনিক রোগ নির্ণয় সেবার চাহিদা বিবেচনা করেই কয়েকজন পরিচিত ও সফল ব্যক্তি নিজস্ব অর্থায়নে যৌথ উদ্যোগে ‘ফেয়ার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’ প্রতিষ্ঠা করেছেন।
তাদের ভাষ্য, আগে রায়পুরার অনেক রোগীকে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্য নরসিংদী, ভৈরব কিংবা রাজধানী ঢাকায় যেতে হতো। এতে রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয়, মূল্যবান সময় নষ্ট এবং যাতায়াতের নানা ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে অসুস্থ রোগী ও তাদের স্বজনদের জন্য এ যাত্রা ছিল বেশ কষ্টসাধ্য। এসব দুর্ভোগ কমিয়ে স্থানীয় মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় রোগ নির্ণয় সেবা পৌঁছে দেওয়াই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটিতে আধুনিক মানের যন্ত্রপাতি ও অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় প্যাথলজি ও ইমেজিং-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সাশ্রয়ী খরচে নির্ভরযোগ্য পরীক্ষার প্রতিবেদন প্রদানের মাধ্যমে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণে সহযোগিতা করাই তাদের অঙ্গীকার।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মানসম্মত সেবা, নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করা গেলে ‘ফেয়ার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’ রায়পুরার স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। এতে স্থানীয় রোগীদের চিকিৎসাসেবার প্রয়োজনে অন্য শহরে ছুটে যাওয়ার প্রবণতা কমবে এবং নিজ এলাকাতেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়বে।
‘আর নয় ঢাকা, নরসিংদী কিংবা ভৈরব—এবার রায়পুরাতেই আধুনিক রোগ নির্ণয় সেবা’—এই স্লোগান ও প্রত্যাশাকে সামনে রেখে নতুন এ প্রতিষ্ঠানের যাত্রাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক শতাধিক দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।









