হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান
- প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে
হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান
আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের আহ্বান
বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নে বিএনপিকে আওয়ামী লীগের দোসর, সুবিধাবাদী ও নব্য হাইব্রিড নেতাকর্মীদের প্রভাবমুক্ত করার জোর দাবি উঠেছে। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা, মামলা-হামলার শিকার হওয়া এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা এ দাবিতে সোচ্চার হয়েছেন।
মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির আস্থাভাজন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডা. ফরিদ আহমেদের সমর্থনে কয়েক শতাধিক দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খানাবাড়ী বাজারে ব্যাপক গণসংযোগ ও মিছিল চলা কালে তিনি এসব কথা বলেন।
এ সময় ডা. ফরিদ আহমেদ বলেন, বিএনপির দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, আজ তারাই যেন দলের সুযোগ-সুবিধা ও মূল্যায়ন থেকে বঞ্চিত না হন। অথচ আওয়ামী লীগের দোসর, কালো টাকার মালিক ও সুবিধাবাদী একটি চক্র নব্য বিএনপির পরিচয়ে দলে অনুপ্রবেশ করে বিভিন্ন রূপ ও কৌশল অবলম্বনের মাধ্যমে দলীয় মনোনয়ন বাণিজ্যের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, অর্থের প্রভাব কিংবা রাজনৈতিক পরিচয়ের মুখোশ পরে কেউ যেন দলের ত্যাগী নেতাকর্মীদের অধিকার কেড়ে নিতে না পারে। মির্জানগর ইউনিয়ন বিএনপিকে হাইব্রিড ও সুবিধাবাদীমুক্ত করতে প্রয়োজনে কঠোর সাংগঠনিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এ লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়; এটি দলের আদর্শ, ত্যাগী নেতাকর্মীদের অধিকার এবং সাংগঠনিক শুদ্ধতা রক্ষার লড়াই।
ডা. ফরিদ আহমেদ দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর অতীত রাজনৈতিক ভূমিকা, দলের প্রতি আনুগত্য, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আওয়ামী লীগের দোসর ও সুবিধাবাদীদের বিষয়ে যথাযথ যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়ে বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করা হলে দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হবে। অন্যদিকে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করা হলে বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।
গণসংযোগ ও মিছিল থেকে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য গড়ে তোলা, দলের ভেতরে অনুপ্রবেশকারী সুবিধাবাদীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সোচ্চার হওয়া এবং মির্জানগর ইউনিয়নে আদর্শভিত্তিক, জনবান্ধব ও হাইব্রিডমুক্ত বিএনপি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপি কোনো সুবিধাবাদী কিংবা কালো টাকার মালিকদের আশ্রয়স্থল হতে পারে না। দলের প্রকৃত শক্তি তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সাধারণ জনগণ। তাই দলের হাইকমান্ডের কাছে তাদের জোর দাবি—ত্যাগীদের মূল্যায়ন করুন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করুন এবং মির্জানগর ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করুন।



















