টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫
- প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে বিশেষ অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফায়ারডিল ও স্কার্ফ সিরাপ উদ্ধার করেছে এসআরবি-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন বিশ্বাস বেতকা সুপারিবাগান সংলগ্ন একটি কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার মোঃ আশরাফুল (৪৩), মোঃ মামুন আলী (২৩), মোঃ কাওসার মাহমুদ (২৪), মোঃ মিজানুর রহমান (৩৬) ও মোঃ আবু সায়েম (২০)।
এসআরবি-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার ও মাইক্রোবাস ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানিক দল তাদের আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃতদের দেখানো মতে, প্রাইভেটকারের পেছনের ব্যাকডালায় রাখা ছয়টি ট্রাভেল ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৫০ বোতল ফায়ারডিল ও ৮৩৯ বোতল স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মোট পরিমাণ ১ হাজার ২৮৯ বোতল।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস, মাদক কেনাবেচায় ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফায়ারডিল ও স্কার্ফ সিরাপ সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামালসহ তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্প।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন: সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার, অধিনায়কের পক্ষে।



















