যমুনার পানিতে তলিয়ে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- প্রকাশিত : শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
যমুনার পানিতে তলিয়ে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড়স্থ পাথরঘাট এলাকায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী মইন (১৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মইন। একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও ওই দিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরদিন শনিবার (২৭ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১৪-১৫ হাত দূরে নদীর পানিতে ভাসমান অবস্থায় মইনের মরদেহ দেখতে পান ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তারা মরদেহটি উদ্ধার করেন।
সংবাদ পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


















