কালিহাতীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ
- প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
কালিহাতীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ
এটিভি বাংলা নিউজ |
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রবিবার (১৫ নভেম্বর) তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের মগড়া বাজার এলাকায় মগড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মগড়া বাজারে আওয়ামী লীগ নেতা এটিএম আশরাফ আলীর দোকান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও মগড়া বাজার বণিক সমিতির সভাপতি এটিএম আশরাফ (৭৬), সল্লা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম (৪৬) এবং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাছেদ ভেন্ডার (৬৫)।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিক জানান, বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এটিভি বাংলা নিউজ।



















