নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর আমেনা হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার পূর্বপরিকল্পিতভাবে মেয়েকে হত্যা
- প্রকাশিত : শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর আমেনা হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার পূর্বপরিকল্পিতভাবে মেয়েকে হত্যা
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর আমেনা হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছেন ভিকটিমের সৎ পিতা মোঃ আশরাফ আলী। পুলিশের দাবি, দীর্ঘদিনের পারিবারিক ও সামাজিক ক্ষোভের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করেছেন তিনি।
পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী আশরাফ আলী তার সহকর্মী সুমনের বাড়িতে যাওয়ার পথে আমেনার গলায় ওড়না পেঁচিয়ে একাই হত্যা করেন। গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, ভিকটিমের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি দীর্ঘদিন ধরে বিরক্ত ছিলেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটান।
এই ঘটনায় ইতোমধ্যে নরসিংদী জেলা পুলিশ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে আমেনার প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরা এবং আরেক অভিযুক্ত হযরত আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তদন্তে আরও জানা গেছে, ভিকটিম আমেনার সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে নূর মোহাম্মদ ওরফে নূরা শারীরিক সম্পর্কে জড়িত ছিলেন। অপরদিকে ঘটনার প্রায় ১০ থেকে ১২ দিন আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে হযরত আলীর বাড়িতে হযরত আলী, এবাদুল্লাহ, জামান ও গাফফার মিলে দলবদ্ধভাবে ভিকটিমকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, মামলার অন্যতম অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে এবং হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযুক্তদেরও বিভিন্ন সময় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), গাফফার (৩৭), আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫), মোঃ ইমরান দেওয়ান (৩২), মোঃ আইয়ুব (৩০), ইছাহাক ওরফে ইছা (৪০) এবং ভিকটিমের সৎ পিতা মোঃ আশরাফ আলী (৪০)।
এ ঘটনায় মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯(৩)৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৪১, ৩৬১, ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ২৫, তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬।
পুলিশ জানিয়েছে, আলোচিত এ ঘটনায় ৪ ধর্ষকসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।










