নওগাঁয় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শিশু কন্যা নিহত, পরে স্বামীর মৃত্যু
- প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
নওগাঁয় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শিশু কন্যা নিহত, পরে স্বামীর মৃত্যু
গৌতম কুমার মহন্ত, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও তিন বছরের শিশু কন্যা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরে একই ছুরি দিয়ে নিজেকে আঘাত করে গুরুতর আহত ওই স্বামীও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার বলরামচক গ্রামের চৌধুরীপাড়ায় এ নৃশংস ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে স্ত্রী বৃষ্টি সরকার (২২), শিশু কন্যা জিনিয়া সরকার (৩) ও স্বামী জয় সরকার (২৮) নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক ১২টার দিকে কোনো এক অজানা কারণে জয় সরকার তার স্ত্রী ও শিশু কন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।
পরবর্তীতে একই ছুরি দিয়ে জয় সরকার নিজ শরীরেও একাধিকবার ছুরিকাঘাত করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ মার্চ) সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রতিবেশীরা জানান, জয় সরকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই বেপরোয়া আচরণ করতেন। নেশাজনিত কারণে তার পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকতো। স্থানীয়দের ধারণা, মাদকাসক্তির কারণেই এ ভয়াবহ ঘটনার সূত্রপাত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার এসআই শাহাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও শিশু কন্যার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত এক চিকিৎসক জানান, জয় সরকারের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।









