কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি
- প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
র্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রথমে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের সাবেক নেত্রী রহিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, চিকিৎসক পরিষদের নেতা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী ও মোজাম্মেল হক হিরু, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আনছার আলী শিকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট মোবারক হোসেন, টাঙ্গাইল শহর মহিলা দলের সাবেক সভানেত্রী শাহানাজ পারভীন, জেলা মহিলা দলের সাবেক দপ্তর সম্পাদক রুনা লায়লা, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রেখা আক্তার, কালিহাতী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকী এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তৃণমূলের নেতাকর্মীরা দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় উপজেলা মহিলা দলের নেত্রীদের পক্ষ থেকে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকলেও নতুন কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে দ্রুত নতুন কমিটি গঠন করা হলে কালিহাতীতে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে উপজেলা মহিলা দলের নেতাকর্মী ছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












