নরসিংদীতে তেল,গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করণে এক মতবিনিময় সভা
- প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
নরসিংদীতে তেল,গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করণে এক মতবিনিময় সভা
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে তেল, গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান এর সঞ্চলনায় । নরসিংদী জেলা প্রশাসন, জেলা পেট্রোলপাম্প অ্যাসোসিয়েশন, জেলা এলপি গ্যাস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শিউলী রহমান তিন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আশিকুর রহমান, নরসিংদী ডিজিএফআই-এর সহকারী পরিচালক মো. ইউনুছ আলী, র্যা ব-১১-এর সিপিএসসি নরসিংদীর উপসহকারী পরিচালক (ডিএডি) আবু বক্কর মোহাম্মদ হেলাল,জেলা পেট্রোলপাম্প অ্যাসোসিয়েশন এর সভাপতি মোমেন মোল্লা, নরসিংদী জেলা পেট্রোলপাম্প অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার ৬টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন ভার্চুয়ালি যুক্ত হয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দিকনির্দেশনা দেন। এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের নিজ নিজ এলাকায় স্থাপিত প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োজিত রাখবেন এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ফুয়েল কার্ডের মাধ্যমে মোটর সাইকেলে ৩০০ টাকার তেল সরবরাহ করা হবে। হেলমেট এবং গাড়ির লাইসেন্স না থাকলে তাকে তেল দেওয়া হবে না। প্রতিটি পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। কোনো পাম্প মালিক অবৈধভাবে তেল পাচারের চেষ্টা করলে তার লাইসেন্স বাতিল করা হবে। অপরদিকে রোড পারমিট ছাড়া নরসিংদী জেলায় কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। আর এ সকল তদারকি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত সর্বক্ষণ নিয়োজিত থাকবে।
#
নরসিংদীতে পরিবহণ মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা, নানা সমস্যার অভিযোগ
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে পরিবহণ খাতে বিদ্যমান নানা সমস্যা, লোকাল যাত্রী পরিবহন নিয়ে বিরোধ, মোবাইল কোর্টের অভিযান ও চাঁদাবাজির অভিযোগ তুলে ধরে পরিবহণ মালিক ও শ্রমিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের দাবি জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা।
এসময় বক্তব্য রাখেন মনোহরদীর মো. মাসুদ মিয়া, শিবপুরের আ. লতিফ, মো. আবদুল্লাহ, শিবপুর উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মশিউর রহমান বশির, শিবপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ খান, কাজী শহিদুল্লাহ, সততা এক্সপ্রেসের পরিচালক মো. কাউছার আহমেদ, মো. মোতালিব ও মো. ইয়াছিন।
এছাড়া উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার উমায়ের রায়হান শাহিন। সভায় সভাপতিত্ব করেন মো. লিটন মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসমাইল হোসেন সরকার এবং ইটাখোলা পরিবহণের পরিচালক সোহেল রানা।
বক্তারা দাবি করেন, নীলাচল পরিবহণ ইটাখোলা থেকে গাউছিয়া পর্যন্ত লোকাল যাত্রী বহন করছে।
পাশাপাশি সিএনজি ও থ্রি-হুইলারও একইভাবে লোকাল যাত্রী পরিবহন করায় পরিবহণ মালিক ও শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের অভিযোগ, প্রায় ২০ লাখ টাকার একটি গাড়ি চালিয়েও সন্ধ্যার সময় আয় নেমে আসে প্রায় ৫০০ টাকায়, ফলে অনেক মালিক-শ্রমিক চরম সংকটে পড়ছেন।
বক্তারা আরও বলেন, সন্ধ্যার পর মোবাইল কোর্টের অভিযান তাদের জন্য নাভিশ্বাস হয়ে উঠেছে। এছাড়া চাঁদাবাজদের হুমকি এবং বিভিন্ন সমস্যার কারণে তারা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। প্রশাসনের সঙ্গে বসে একটি সমাধানের ব্যবস্থা করার জন্যও আহ্বান জানান তারা, যাতে মালিক-শ্রমিকরা স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারেন। প্রধান অতিথির বক্তব্যে মো. সারোয়ার হোসেন মৃধা বলেন, নির্বাচনকে সামনে রেখে নীলাচল পরিবহণ রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে নিবন্ধন করেছে বলে অভিযোগ রয়েছে। তিনি পরিবহণ খাতের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।









