এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নজরদারিতে প্রস্তুতি, শিক্ষার্থীদের প্রতি সচেতনতার বার্তা
- প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নজরদারিতে প্রস্তুতি, শিক্ষার্থীদের প্রতি সচেতনতার বার্তা
আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৬ সামনে রেখে শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। পরীক্ষা পদ্ধতি কঠোর হবে, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানোসহ নানামুখী নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে—এমন তথ্য ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্বেগ।
সম্প্রতি এক মতবিনিময় সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সভায় জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড এবং জেলা প্রশাসনের একাধিক সভার সিদ্ধান্ত সমন্বয় করে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে কঠোরভাবে নিয়ম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত রয়েছে।
সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষা কঠিন হবে কি না, সেটি বড় বিষয় নয়—প্রস্তুতিই আসল বিষয়। যারা নিয়মিত পড়াশোনা করছে না, তাদের জন্য এটি সতর্কবার্তা।” তারা আরও বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ সময়কে অবহেলা না করে আগামী কয়েক মাসকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কারণ এই সময়টাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলা হয়, অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। মোবাইল, আড্ডা বা বিনোদনের জন্য সময় পাওয়া যাবে ভবিষ্যতে, কিন্তু পরীক্ষার এই সময় আর ফিরে আসবে না।
সভায় অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, “সন্তানের সফলতার জন্য শুধু প্রতিষ্ঠান নয়, পরিবারকেও দায়িত্ব নিতে হবে। একজন শিক্ষার্থী ফেল করলে তার দায় শুধু তার নয়, পরিবারেরও।”
জানা গেছে, এবার পরীক্ষাকেন্দ্রে কোনো ভেন্যু রাখা হয়নি। প্রতিটি কেন্দ্রে সরাসরি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।
আগামী ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার জন্য ইতোমধ্যে প্রবেশপত্র প্রস্তুত করা হয়েছে এবং দ্রুতই তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বক্তারা দোয়া ও আশীর্বাদ প্রদান করেন এবং সবাইকে আন্তরিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

















