সাতলা ৫৬০ মিটার সেতুর নিচে মাত্র ১৫০ মিটার সড়ক বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ
- প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
সাতলা ৫৬০ মিটার সেতুর নিচে মাত্র ১৫০ মিটার সড়ক বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ
মিল্লাত হাওলাদার, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ৫৬০ মিটার সেতুর নিচে অবস্থিত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের মাত্র ১৫০ মিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে সড়কটি এখন কার্যত যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো পথচারী, যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালক।
স্থানীয়দের অভিযোগ, সাতলা বাজার থেকে পূর্ব সাতলা, পশ্চিম সাতলা, খেজুরিয়া, বাগধা, হারতা, কোটালিপাড়া, গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। প্রতিদিন এ সড়ক দিয়ে মাছবাহী ট্রাক, পিকআপ, নছিমন, অটোরিকশা, ভ্যান, ইট, বালু ও সিমেন্টবাহী ট্রাকসহ হাঁস-মুরগির খাদ্য পরিবহনকারী ভারী যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় গর্তগুলোর গভীরতা বোঝা যায় না। ফলে সাধারণ মানুষ ও যানবাহনের চালকদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলা ও বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
সাতলা সাইদিয়া মাদ্রাসা মোড় এলাকার ব্যবসায়ী মো. মহসিন হাং বলেন, “আমাদের এলাকার প্রায় সব সড়কই চলাচলের উপযোগী। কিন্তু সাতলা সেতুর নিচের মাত্র ১৫০ মিটার সড়কটি দীর্ঘদিন ধরে চরমভাবে ক্ষতিগ্রস্ত। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক প্রকৌশলী জানান, সাতলা সেতুর অ্যাপ্রোচ ও সংযোগ সড়কের উন্নয়ন প্রকল্পের টেন্ডারের সময় সেতুর নিচের অংশটি তুলনামূলক ভালো অবস্থায় থাকায় সেটি প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে সেতুর নির্মাণকাজ দীর্ঘায়িত হওয়া এবং সেতুর ওপর জমে থাকা বৃষ্টির পানি দীর্ঘদিন ধরে নিচে পড়ে রাস্তার ক্ষয় সৃষ্টি করায় বর্তমানে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত আরও ব্যাহত হবে। তাই জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



















